প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রকে মোহসিন রেজাইয়ের হুঁশিয়ারি: ‘হরমুজে দাদাগিরি করলে ডুবিয়ে দেওয়া হবে মার্কিন জাহাজ’
ঢাকা নিউজ ডেস্ক ||
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং নজরদারি নিয়ে এবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি এই সমুদ্রপথে ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে তাদের জাহাজগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক এই কমান্ডার-ইন-চিফ সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটি কি যুক্তরাষ্ট্রের মতো একটি সামরিক বাহিনীর কাজ?’ তিনি সতর্ক করে বলেন, অবরোধ কার্যকর করতে নিয়োজিত মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই সমুদ্রের তলদেশে চলে যেতে পারে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিরাজ করছে। বর্তমানে এই প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে মার্কিন বাহিনী। দীর্ঘ বিরতির পর আবারও সামরিক উপদেষ্টার দায়িত্বে ফেরা মোহসিন রেজাইয়ের এই মন্তব্যকে যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরণের সামরিক হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ