প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
৫ বছরের মধ্যে ৩১১০টি এবং ৬ মাসে ২৮৭৯টি পদে নিয়োগের ঘোষণা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
সরকারি দপ্তরে জনবল সংকট নিরসনে বড় ধরণের নিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, শূন্যপদ পূরণের জন্য ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সংসদে উত্থাপিত তথ্যানুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮৭৯টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এছাড়া ১ বছরের মধ্যে ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি এবং ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ খালি রয়েছে।প্রতিমন্ত্রী সংসদে আরও বলেন, "স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে কাজ চলছে।" এই লক্ষ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের তথ্য প্রেরণের জন্য ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪-এর হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে, যা দেশের বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ