প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
চীনা স্যাটেলাইটে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চাঞ্চল্যকর নজরদারি
ঢাকা নিউজ ডেস্ক ||
চীনের একটি অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটির ওপর ইরান নজরদারি চালাচ্ছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত বছর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অত্যন্ত গোপনে চীনের একটি সংস্থার কাছ থেকে ‘টিইই-০১বি’ নামক এই স্যাটেলাইটটি সংগ্রহ করে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন সেনাদের অবস্থান ও গতিবিধি ট্র্যাক করতেই এই কৃত্রিম উপগ্রহটি ব্যবহার করা হচ্ছে।‘আর্থ আই কোম্পানি’ নামক একটি চীনা প্রতিষ্ঠান এই স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছিল। প্রতিষ্ঠানটি ‘ইন-অরবিট ডেলিভারি’ মডেলে কাজ করে, যেখানে মহাকাশে স্যাটেলাইট স্থাপনের পর তা ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ইরান স্যাটেলাইটটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াসহ বেইজিং ভিত্তিক সংস্থা ‘এমপোস্যাট’-এর গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পেয়েছে। এর ফলে এশিয়া ও লাতিন আমেরিকার বিশাল এলাকাজুড়ে ইরানের নজরদারি চালানোর সক্ষমতা তৈরি হয়েছে।গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে স্যাটেলাইটটি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসের ওপর দিয়ে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে উচ্চমানের ছবি সংগ্রহ করে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন। এ ছাড়াও জর্ডানের মুওয়াফফাক সালতি এয়ার বেস, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ইরাকের এরবিল বিমানবন্দরেও নজরদারি চালিয়েছে এই স্যাটেলাইট।কুয়েত, জিবুতি ও ওমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ওপরও গত কয়েক মাস ধরে কড়া নজর রেখেছে ইরান। সামরিক স্থাপনার পাশাপাশি বাহরাইনের অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোও এই নজরদারির আওতায় ছিল বলে জানা গেছে।গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সরকারি অনুমোদন ছাড়া কোনো চীনা কোম্পানি এই ধরনের স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তর করতে পারে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, চীন সরাসরি যুদ্ধে অংশ না নিলেও নেপথ্যে থেকে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ