প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি করে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
ঢাকা নিউজ ডেস্ক ||
খুলনায় ম্যাগজিন গার্ডে দায়িত্বরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সম্রাট বিশ্বাস নামের এক পুলিশ কনস্টেবল। শনিবার ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা এবং তার স্ত্রী সাতক্ষীরায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।পুলিশ সূত্র জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দায়িত্ব পালনকালে সম্রাট এই চরম সিদ্ধান্ত নেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সম্রাট বিশ্বাস গত বছরের ৩ নভেম্বর এই কর্মস্থলে যোগদান করেছিলেন এবং তিনি একজন শৃঙ্খলাপদ্ধ কর্মী ছিলেন বলে জানা গেছে।খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, সম্রাটের ডিউটি ছিল ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত। নিয়মিত ও দায়িত্বশীল হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিহত কনস্টেবলের পরিবারকে খবর দেওয়া হয়েছে।বর্তমানে ঘটনাস্থলে পুলিশি তদারকি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হবে। এই ঘটনায় পুলিশ বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ