প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা ইরানের, মার্কিন নৌ-অবরোধের পাল্টায় আইআরজিসির কড়া হুঁশিয়ারি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রণালিটি আংশিক খুলে দেওয়া হলেও রোববার (১৯ এপ্রিল) তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই নৌপথটি পুরোপুরি বন্ধ থাকবে। এই ঘোষণার ফলে আগে ঘোষিত ‘নিরাপদ করিডর’ ও নির্দিষ্ট ফি’র বিনিময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগটিও বাতিল করা হয়েছে।ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, প্রণালিটি বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করে, তবে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করে গুলি চালানো হবে। মূলত যুক্তরাষ্ট্র কর্তৃক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং ইরানি সম্পদের ওপর ক্রমাগত চাপের পাল্টা জবাব হিসেবেই এই চরম পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে কোনো চাপে ফেলতে পারবে না। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ প্রত্যাহার করে সুনির্দিষ্ট বাস্তব পদক্ষেপ না নেবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটি খোলার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে এই পরিস্থিতিকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ