প্রিন্ট এর তারিখ : ১৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
জ্বালানি সংকটে সুবর্ণভূমি বিমানবন্দরে ট্যাক্সি সেবা প্রায় বন্ধ
নিউজ ডেস্ক ||
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রধান প্রবেশদ্বার সুবর্ণভূমি বিমানবন্দরে তীব্র জ্বালানি সংকটের কারণে ট্যাক্সি সেবা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে বড় আকৃতির ট্যাক্সিগুলো প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় তাদের নিয়মিত কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য নেশন’-এর এক প্রতিবেদনে এই উদ্বেগজনক পরিস্থিতির কথা জানানো হয়েছে। সুবর্ণভূমি ট্যাক্সি সমন্বয় সমিতির সভাপতি পল্লপ চায়িন্থু জানিয়েছেন, দূরপাল্লার যাত্রায় গিয়ে মাঝপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ভয়ে অনেক চালক এখন যাত্রী পরিবহনে অনিহা প্রকাশ করছেন।বর্তমানে এই বিমানবন্দরে নিবন্ধিত ৫ থেকে ৬ হাজার ট্যাক্সি সদস্য থাকলেও বাস্তবে মাত্র আড়াই হাজার গাড়ি সেবা দিচ্ছে। জ্বালানি স্বল্পতার কারণে অনেক চালকই তাদের আয় কমিয়ে দিয়েছেন অথবা নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি চালাচ্ছেন। বিশেষ করে সন্ধ্যার দিকে জ্বালানি পাওয়া আরও কঠিন হয়ে পড়ায় অধিকাংশ চালক কেবল সকালের শিফটে কাজ করছেন। এছাড়া অনেকে দীর্ঘ পথ এড়িয়ে শুধু স্বল্প দূরত্বের যাত্রী পরিবহন করছেন। সমিতির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এটি জ্বালানির উচ্চমূল্যের চেয়ে সরবরাহ সংকটের কারণেই বেশি হচ্ছে।এই অচলাবস্থা নিরসনে ট্যাক্সি মালিক সমিতি দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তবে দেশটিতে পূর্ণাঙ্গ সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা। বিদ্যমান সংকট মোকাবিলায় সমিতি বর্তমানে মিটারভিত্তিক ভাড়ার পরিবর্তে অ্যাপ-নির্ভর ভাড়া নির্ধারণ পদ্ধতি চালুর একটি নতুন প্রস্তাবনা তৈরির কাজ করছে। যাত্রী ভোগান্তি কমাতে এবং চালকদের লোকসান ঠেকাতে এই নতুন পদ্ধতি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ