প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
সরকারি সংগীত কলেজের গেটে তালা দিলেন সাবেক শিক্ষার্থীরা
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত দেশের একমাত্র উচ্চতর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান 'সরকারি সংগীত কলেজ'-এর মেইন গেটে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী এই ঘটনা ঘটান। মাদক সেবনে বাধা প্রদান এবং সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে।কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৪-১৫ ও ২০১৬-১৭ সেশনের কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিয়মিত ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন করেন। এতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের পরিবার ও ছাত্রী হোস্টেলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রশাসন সন্ধ্যার পর বহিরাগত ও শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবেক শিক্ষার্থী প্রতীক ও শ্রীকৃষ্ণসহ কয়েকজন গেটের সামনে অবস্থান করেন এবং বাগ্বিতণ্ডার একপর্যায়ে মেইন গেটে তালা ঝুলিয়ে দেন।এদিকে অভিযুক্ত শিক্ষার্থীরা মাদক সেবনের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ৫টার পর ক্যাম্পাস বন্ধ রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ঘটনার খবর পেয়ে শেরে বাংলা নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ