প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
তীব্র যানজটে এসএসসি পরীক্ষার্থীদের নাজেহাল অবস্থা ও কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির তীব্র জটলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। এর ফলে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পরীক্ষার্থীরা। যানবাহনের আধিক্যের পাশাপাশি কেন্দ্রের সামনের মূল সড়কে অভিভাবকদের ভিড় ও জটলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার মাইকিং করে যানবাহন সরিয়ে নেওয়ার এবং অভিভাবকদের স্থান ত্যাগের অনুরোধ জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।মঙ্গলবার সরেজমিন রাজধানীর উত্তরার রাজউক মডেল কলেজ এবং উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, সড়কের দুই পাশে অভিভাবকদের জটলা ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। গেটের সামনে জটলা পাকিয়ে অবস্থান করায় পরীক্ষার্থীদের স্বাভাবিক প্রবেশপথও বিঘ্নিত হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট কেন্দ্রের পরীক্ষার্থীদের পাশাপাশি আশপাশের অন্যান্য কেন্দ্রগামী শিক্ষার্থীরাও দীর্ঘ সময় যানজটে আটকে থেকে হিমশিম খাচ্ছেন।আজ থেকে শুরু হওয়া এই এসএসসি পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রের সামনের অব্যবস্থাপনা ও সড়কের একাংশ অচল হয়ে পড়ার কারণে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ