প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
কারাগার থেকে এসএসসি দিচ্ছে নোয়াখালীর কিশোর শিক্ষার্থী
মোঃ আরিফ হোসেন , নোয়াখালী জেলা প্রতিনিধি ||
নোয়াখালীতে হত্যা মামলার আসামি হয়ে কারাগারে বন্দি এক কিশোর শিক্ষার্থী আদালতের বিশেষ অনুমতিতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে। নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা ১৫ বছর বয়সী মাহবুব এলাহী রাজিন বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে বন্দি অবস্থায় পরীক্ষা দিচ্ছে। সে নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী এবং তার নির্ধারিত কেন্দ্র ছিল নোয়াখালী জিলা স্কুল। তবে বিশেষ ব্যবস্থার মাধ্যমে জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে কারাগারের অভ্যন্তরেই তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর রাজিনকে প্রথমে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। আদালতের এই নির্দেশনার পর কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে কারাগারের ভেতরেই তার পরীক্ষার আসন ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা ও জেল সুপার আ. বারেক জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে যথাযথভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং রাজিনের বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, এ বছর নোয়াখালী জেলায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিল পর্যায়ে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনাল পর্যায়ে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ