প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানি বন্দরে তেলের ট্যাঙ্কার ‘সিলিকা সিটি’র নোঙর
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ ও হুঁশিয়ারি উপেক্ষা করে একটি ইরানি তেলবাহী জাহাজ সফলভাবে দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘সিলিকা সিটি’ নামক তেলের ট্যাঙ্কারটি মার্কিন নৌবাহিনীর ‘সন্ত্রাসী’ সেনাদের বারবার হুমকি সত্ত্বেও গতকাল রাতে আরব সাগর থেকে ইরানের জলসীমায় প্রবেশ করে এবং কয়েক ঘণ্টা আগে বন্দরে নোঙর ফেলে।ইরানি সেনাবাহিনীর দাবি, নিজস্ব নৌবাহিনীর নিবিড় সহায়তায় জাহাজটিকে নিরাপদ বন্দরে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে এই ঘটনা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে অথবা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।এরই মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামক একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্প প্রশাসনের নির্দেশিত ‘যুদ্ধ মন্ত্রণালয়’ (সাবেক পেন্টাগন) সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে। মূলত ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতেই যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ