প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত বেশ কয়েকজন, অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত
ঢাকা নিউজ ডেস্ক ||
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতির লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষাগুলো চালু রেখেছে।ঘটনার সূত্রপাত জুলাই-আগস্ট আন্দোলনের একটি গ্রাফিতিকে কেন্দ্র করে। ক্যাম্পাসের একটি দেয়ালে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখার জায়গায় কে বা কারা ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লিখে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকেই দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চলা এই উত্তেজনা শেষে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাত্রদল ও ছাত্রশিবির—উভয় পক্ষই এই হামলার জন্য একে অপরকে দায়ী করেছে। সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি দাবি করেছেন, গ্রাফিতির বিষয় নিয়ে কথা বলতে গেলে শিবিরের কর্মীরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়, যাতে তাদের ৪ জন আহত হন। অন্যদিকে, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়ের দাবি, ক্লাস ও পরীক্ষা দিতে আসা শিবিরের কর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে, এতে তাদের ৫ জন আহত হয়েছেন।কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন জানান, শিক্ষকদের মধ্যস্থতা ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে কলেজ প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ