প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাস বৃদ্ধি
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতীয় নিবন্ধিত ও বাণিজ্যিক বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। নতুন করে জারি করা ‘নোটিস টু এয়ারমেন’ (নোটাম) অনুযায়ী, ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে পাকিস্তান ভারতীয় ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে, যার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো ইতিমধ্যে কয়েক বিলিয়ন রুপির আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে এই সংকটের সূত্রপাত হয়। নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রতিক্রিয়ায় ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে। পরবর্তীতে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটে।পাকিস্তানের দাবি অনুযায়ী, সংঘাত চলাকালীন তারা ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটেছিল। আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তে ভারতের বিমান খাত বড় ধরনের সংকটে পড়লেও পাকিস্তানের ক্ষেত্রে এর প্রভাব তুলনামূলক কম বলে বিশ্লেষণে উঠে এসেছে।এর আগে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমান পরিস্থিতিতে আকাশসীমা ব্যবহারের এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি পাওয়ায় দুই দেশের বেসামরিক বিমান চলাচলে অস্থিরতা ও আর্থিক লোকসান আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ