প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতায় ইরানের বিশেষ প্রতিশ্রুতি
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একইসঙ্গে আজারবাইজান সীমান্ত হয়ে যুদ্ধকবলিত ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে দেশটি বিশেষ সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার রাতে ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তেহরান অঙ্গীকারবদ্ধ। ইরান সরকার বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে যেসব বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের ভূয়সী প্রশংসা করেছে দেশটি।আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর মধ্যকার বৈঠককে দূতাবাস স্বাগত জানিয়েছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে ইরান একে বিশ্ব সম্প্রদায়ের জন্য অপরিহার্য বলে অভিহিত করেছে।ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণকে একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে দূতাবাস। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে।বিবৃতিতে দূতাবাস গণমাধ্যমে পরিবেশিত কিছু খণ্ডিত সংবাদ ও সাক্ষাৎকারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। ইরান দূতাবাস সংশ্লিষ্ট সকলকে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, দায়িত্বশীল সংবাদপত্রের নীতি মেনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হিসেবে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ