প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার হজযাত্রী: জয়পুরহাটের এক ব্যক্তির মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত আইটি হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা দেশটিতে পৌঁছেছেন।পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী। উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৯ হাজার ৫০০ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।এদিকে, হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। চলতি বছর হজের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর সৌদি আরবে এটিই কোনো বাংলাদেশি হজযাত্রীর প্রথম মৃত্যুর ঘটনা। ১৮ এপ্রিল প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে এবারের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে নেওয়ার ফ্লাইট কার্যক্রম চলবে। এরপর হজ পালন শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। হজ প্রশাসন ও আইটি হেল্প ডেস্কের পক্ষ থেকে হজযাত্রীদের যাবতীয় তথ্য ও সহায়তা প্রদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ