প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
তেল পাম্পে দীর্ঘ ভোগান্তি: অপেক্ষারত কৃষকদের নিয়ে হিলিতে ব্যতিক্রমী ‘পথসভা’
ঢাকা নিউজ ডেস্ক ||
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফিলিং স্টেশনে তেল নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। বুধবার সকালে তেল সংকটের কারণে পাম্পে সৃষ্টি হয় দীর্ঘ লাইন, যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা মিলছে না। এই দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে এবং সময়কে কাজে লাগাতে লাইনে দাঁড়িয়ে থাকা শতাধিক মোটরসাইকেল চালক ও কৃষকদের নিয়ে তাৎক্ষণিকভাবে এক ব্যতিক্রমী কৃষক সভার আয়োজন করা হয়। এসিআই ফার্টিলাইজার ব্র্যান্ড প্রোমোটার ইয়াসিন আলীর নেতৃত্বে এই ভিন্নধর্মী সভাটি অনুষ্ঠিত হয়।সভায় অংশ নিয়ে কৃষকেরা তাদের বর্তমান সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, তেলের অভাবে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং উৎপাদিত ফসল বাজারে নিতে দেরি হওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হওয়ায় দৈনন্দিন কৃষিকাজে বড় ধরনের প্রভাব পড়ছে বলে কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীদের মতে, তেলের দাম বৃদ্ধির পরও এমন সরবরাহ সংকট সাধারণ মানুষের কষ্ট বহুগুণ বাড়িয়ে দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। কেউ ট্রাকের পেছনে বিছানা পেতে বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বসেই সময় পার করছেন। স্থানীয়দের দাবি, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা না হলে কৃষি ও স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও দীর্ঘস্থায়ী হবে। তারা এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও খুচরা পর্যায়ে তেল সরবরাহের দাবি জানিয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানিয়েছেন, ফিলিং স্টেশনে বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরিয়াল অনুযায়ী তেল বিতরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে। এছাড়া জনগণের ভোগান্তি কমাতে খুব শিগগিরই 'ফুয়েল কার্ড' চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ