প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
নান্দাইলে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের করুণ মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো—ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (৩) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নামলে সাঈফা ও সুরাইয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারূর ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ