প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
নতুন হামলার আশঙ্কায় আইআরজিসি-র হুঁশিয়ারি: ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে’
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো হামলার দুঃসাহস দেখায়, তবে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে তাৎক্ষণিক ও শক্তিশালী আঘাত হানা হবে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে, পুনরায় লড়াই শুরু হলে শত্রুর অবশিষ্ট সকল সামরিক ও কৌশলগত সম্পদ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এই উত্তেজনার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কমান্ডারদের অব্যাহত হুমকিকে দায়ী করেছেন। তিনি জানান, ইরানের শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই শতভাগ প্রস্তুত এবং তাদের 'আঙুল এখন ট্রিগারে' রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরানের বাহিনী মুহূর্তের মধ্যে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম বলে তিনি সতর্ক করেন।এই কড়া প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলেছে। তবে ট্রাম্প শর্ত দিয়েছেন যে, তেহরানের পক্ষ থেকে কোনো 'একীভূত প্রস্তাব' না আসা পর্যন্ত এই বিরতি চললেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থানকে ইরান কেবল একটি সামরিক কৌশল হিসেবেই দেখছে।আইআরজিসি বর্তমান পরিস্থিতিকে একটি 'নীরব যুদ্ধক্ষেত্র' হিসেবে অভিহিত করে তাদের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি মনে করে এই 'তথাকথিত যুদ্ধবিরতির' আড়ালে শত্রুর তৎপরতা বেড়ে যেতে পারে, তাই প্রতিনিয়ত কড়া নজরদারি বজায় রাখা প্রয়োজন। ওয়াশিংটনের অবরোধ এবং তেহরানের পাল্টা হুমকির ফলে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ