প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
মালাক্কা প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের প্রস্তাব ইন্দোনেশিয়ার
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ মালাক্কা প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক বা টোল আরোপের একটি বিতর্কিত প্রস্তাবনা সামনে এনেছে ইন্দোনেশিয়া। বুধবার জাকার্তায় এক সিম্পোজিয়ামে দেশটির অর্থমন্ত্রী পুরবায়া ইউধি সাদেওয়া এই পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী ইন্দোনেশিয়া তার কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বাড়াতে চায় এবং নিজেকে আর ‘প্রান্তিক দেশ’ হিসেবে দেখতে চায় না।ইন্দোনেশীয় অর্থমন্ত্রীর মতে, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুটে অবস্থান সত্ত্বেও বর্তমানে কোনো শুল্ক না নেওয়া হওয়াটি পুনর্বিবেচনার দাবি রাখে। এই প্রস্তাবের অনুপ্রেরণা হিসেবে তিনি হরমুজ প্রণালি নিয়ে ইরানের পরিকল্পনার উদাহরণ টেনেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, মালাক্কা প্রণালির নিয়ন্ত্রণ ইন্দোনেশিয়া ছাড়াও মালয়শিয়া ও সিঙ্গাপুরের হাতে থাকায় এককভাবে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আপাতত এটি একটি প্রাথমিক ধারণা হিসেবেই দেখছে দেশটি।ইন্দোনেশিয়ার এই প্রস্তাবনার পরপরই আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও বিরোধিতা এসেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান সাফ জানিয়ে দিয়েছেন যে, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালির নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তিনি উল্লেখ করেন, এই পথ ব্যবহার করা আন্তর্জাতিক অধিকার এবং এটি জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন দ্বারা সুরক্ষিত। একে কোনো বিশেষ সুবিধা হিসেবে বিবেচনা করে টোল আরোপের সুযোগ নেই।একইভাবে মালয়েশিয়াও এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক স্পষ্টভাবে জানিয়েছেন যে, মালাক্কা প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি আস্থাশীল। প্রতিবেশী দুই দেশের এমন অনড় অবস্থানের ফলে ইন্দোনেশিয়ার এই ‘আক্রমণাত্মক’ পরিকল্পনাটি বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের কূটনৈতিক ও আইনি বাধার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ