প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা নিউজ ডেস্ক ||
কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্ত হিসেবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করেন। এর আগে গত ৬ এপ্রিল আদালত এই মামলার তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রসম্যাচ করার অনুমতি দিয়েছিলেন।মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘ এক দশকে এই চাঞ্চল্যকর মামলাটি ৪টি সংস্থার মোট ৭ জন তদন্ত কর্মকর্তা পরিচালনা করেছেন এবং ৮০টি ধার্য তারিখ পার হয়েছে। অবশেষে এক দশক পর প্রথম কোনো গ্রেফতারের খবরে সন্ধ্যায় তনুর বাবা ইয়ার হোসেন, মা এবং ছোট ভাই আদালতে উপস্থিত হন।তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, আদালত ৩ দিন মঞ্জুর করেছেন। তনুর বাবা ইয়ার হোসেন এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে বলেন, "যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। আমি এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দ্রুত বিচার চাই।"
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ