প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ‘ম্যাজিস্টিক এক্স’ নামে ইরানের একটি তেলবাহী বিশাল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাজটি জব্দের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা দ্রুত জাহাজে নেমে সেটির নিয়ন্ত্রণ নিচ্ছেন।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ইরানকে যারা অবৈধভাবে সরঞ্জাম বা রসদ দিয়ে সাহায্য করছে, সেই চক্রকে রুখে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আরও স্পষ্ট করেছে যে, এ ধরনের অবৈধ জাহাজ আটকাতে বিশ্বের যেকোনো প্রান্তেই মার্কিন সামুদ্রিক অভিযান অব্যাহত এবং জোরদার রাখা হবে। শিপ ট্র্যাকিং ডাটা অনুযায়ী, ট্যাংকারটি ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার মাঝামাঝি অবস্থানে ছিল, যেখান থেকে এর আগে ‘টিফানি’ নামে আরও একটি জাহাজ জব্দ করা হয়েছিল।জব্দকৃত ‘ম্যাজিস্টিক এক্স’ জাহাজটি মূলত গায়ানার পতাকাবাহী এবং এর পূর্ব নাম ছিল ‘ফনিক্স’। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গত ১২ এপ্রিল ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নৌ অবরোধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে দেশটির সন্দেহভাজন জাহাজগুলো জব্দ করতে শুরু করেছে।ইরান এখন পর্যন্ত এই ট্যাংকার জব্দের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এই ঘটনার আগের দিনই হরমুজ প্রণালিতে দুটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানি নৌ কমান্ডোরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সমুদ্রপথে দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ