প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে যুবদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ঢাকা নিউজ ডেস্ক ||
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার মাধবপুর গ্রামে দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। গত বুধবার সন্ধ্যায় এক সমর্থককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্নি খাতুন জানিয়েছেন, মোহন শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এদিকে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।জেলা যুবদলের নেতা আবু জাহিদ চৌধুরী এই ঘটনাকে পরিকল্পিত হামলা ও হত্যাকাণ্ড বলে দাবি করলেও, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল সাদাত এটিকে রাজনৈতিক নয় বরং 'সামাজিক মারামারি' হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ