প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
বিমানবাহিনী কমান্ডারদের প্রোঅ্যাক্টিভ নিরাপত্তা সংস্কৃতি গড়ার আহ্বান বিমানবাহিনী প্রধানের
ঢাকা নিউজ ডেস্ক ||
অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তা জোরদারে বাংলাদেশ বিমান বাহিনীর ‘কমান্ড সেফটি সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সেমিনারে তিনি নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে কমান্ডারদের অগ্রগামী বা প্রোঅ্যাক্টিভ নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।আইএসপিআর জানায়, সেমিনারে ২০২৫ সালের উড্ডয়ন সংক্রান্ত ঘটনার বিশ্লেষণ এবং তা রোধে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘ফ্রম রিঅ্যাক্টিভ ইনভেস্টিগেশন টু প্রোঅ্যাক্টিভ প্রিভেনশন’ শীর্ষক মূল প্রবন্ধে তথ্য-নির্ভর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে জাতীয় নির্বাচন, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক মিশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সফলভাবে সম্পন্ন করায় বাহিনীর সদস্যদের নিষ্ঠার প্রশংসা করেন।অনুষ্ঠানে পেশাদারিত্ব ও নিরাপত্তার মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউনিটগুলোর মাঝে ট্রফি বিতরণ করা হয়। ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ লাভ করে বিমান বাহিনী ঘাঁটি বাশার এবং সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টার জন্য এফআইএস-কে ‘খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়। এছাড়া সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ১০১ স্পেশাল উড্ডয়ন ইউনিট ‘অ্যাক্সিডেন্ট-ফ্রি ইয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করে।সমাপনী বক্তব্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুনর্ব্যক্ত করেন যে, নিরাপত্তা রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব। তিনি প্রতিটি ঘাঁটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলে রাষ্ট্রীয় সম্পদ ও জীবন সুরক্ষায় অটল থাকার নির্দেশনা দেন। সেমিনারে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সরাসরি এবং বিভিন্ন মিশন এলাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ