প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা এবং অধ্যক্ষসহ ৫ জনকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষকরা জানান, বিএনপি নেতা আকবর আলীর নেতৃত্বে একদল লোক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে ঢুকে কলেজের আয়-ব্যয়ের হিসাব দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা ও মারধর করেন। এরপর হামলাকারীরা অধ্যক্ষের কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারীকে আহত করে। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রভাষক আলেয়া খাতুন হীরার অভিযোগ, মূলত হিসাব চাওয়ার নাম করে তাঁরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন এবং প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দাবি করেন, চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন পক্ষ তাঁর কাছে চাঁদা চেয়ে আসছিল, যা প্রত্যাখ্যান করায় এই পরিকল্পিত হামলা। তবে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, দুর্নীতির হিসাব চাইলে শিক্ষকরাই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।ঘটনার সময় পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিছু লোক জোরপূর্বক কলেজে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ