প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
চাকসুর উদ্যোগে আল্লামা ইকবালের দর্শন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা নিউজ ডেস্ক ||
আধিপত্যবাদ মোকাবিলায় মহাকবি ও দার্শনিক আল্লামা ইকবালের চিন্তা ও দর্শনের গুরুত্ব নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সার্বভৌম উম্মাহ: আধিপত্যবাদ মোকাবিলায় আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তারা আল্লামা ইকবালের ‘সার্বভৌম উম্মাহ’ ধারণাকে একটি নৈতিক ও রাজনৈতিক প্রকল্প হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, এটি কেবল কোনো কাল্পনিক ধারণা নয়, বরং ব্যক্তির আত্মচেতনা (খুদি) এবং সামাজিক ন্যায়ের মাধ্যমে আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার একটি বুদ্ধিবৃত্তিক আহ্বান। বক্তারা জোর দিয়ে বলেন যে, ইকবাল পশ্চিমা আধিপত্যবাদকে কেবল রাজনৈতিক শোষণ হিসেবে দেখেননি, বরং একে সাংস্কৃতিক ও জ্ঞানগত আধিপত্য হিসেবে চিহ্নিত করেছেন। তাই এর প্রতিরোধও শুরু হতে হবে ব্যক্তির নিজস্ব চিন্তা ও আত্মমর্যাদার স্তর থেকে।চাকসু ভিপি ইব্রাহীম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মীম মিজান। আলোচনায় আরও অংশ নেন রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহফুজ পারভেজ এবং দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারেস মাতাব্বর। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা নির্মাণের লক্ষ্যে ইকবালের দর্শনকে বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ