প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
২ মাস পর আকাশসীমা খুলল কুয়েত: স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পর নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে কুয়েত। গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। তুরস্কের আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, শিগগিরই কুয়েত বিমানবন্দর তার পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে আসবে।কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক জানান, আকাশসীমা খুলে দেওয়া বিমানবন্দরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রথম সুচিন্তিত পদক্ষেপ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 'অপারেশন এপিক ফিউরি' ও 'অপারেশন রোয়ারিং লায়ন' যুদ্ধের প্রভাবে কুয়েতের বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে সেসব ক্ষয়ক্ষতি যাচাই ও নথিবদ্ধ করার কাজ সম্পন্ন করেছে।যুদ্ধ চলাকালীন কুয়েতের বিমানগুলোকে নিজেদের বিমানবন্দরে রাখার সুযোগ করে দেওয়ায় সৌদি আরবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুয়েত সরকার। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রেক্ষিতে আঞ্চলিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, খুব দ্রুতই আন্তর্জাতিক ফ্লাইটগুলো নিয়মিত শিডিউলে ফিরে আসবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ