প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
দেশে জ্বালানি তেলের সংকট নেই, অসাধু সিন্ডিকেটের কারসাজি: মির্জা ফখরুল
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং কিছু অসাধু মহলের অনৈতিক ব্যবসার কারণে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তেল নিয়ে কালোবাজারি ও অসাধু সিন্ডিকেট রুখতে তিনি প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন।তিনি উল্লেখ করেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় কোনো সংকট সৃষ্টি হয়নি। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে সমস্যা দেখা দিলেও বাংলাদেশে তেলের সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অনৈতিকভাবে তেল কালোবাজারে বিক্রি করে জনভোগান্তি সৃষ্টি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে। এছাড়া জেলায় বিমানবন্দর সচল করা এবং মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ২০ কোটি টাকার অনুদান, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ