প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সৌদি যুবরাজের মুখোমুখি জেলেনস্কি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত মিত্র তৈরির লক্ষে গত কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সৌদি আরব সফর করছেন। শুক্রবার জেদ্দায় পৌঁছে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মিলিত হন। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর সাথে ইউক্রেনের সামরিক সম্পর্ক জোরদার করার এই প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।জেলেনস্কির এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। উল্লেখ্য যে, গত মাসে তার সৌদি সফরের সময় উভয় দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছিল। ওই চুক্তিতে আগামী এক দশকের জন্য দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের কারখানা স্থাপনের বিশদ পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।রাশিয়ার সাথে চার বছরের দীর্ঘ যুদ্ধে ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেন বর্তমানে বিশ্বের অন্যতম অভিজ্ঞ দেশ হিসেবে স্বীকৃত। কিয়েভ ইতোমধ্যে তাদের এই যুদ্ধকালীন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা শেয়ার করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক বিশেষজ্ঞ এবং ড্রোন ইন্টারসেপ্টর পাঠিয়েছে। সাম্প্রতিক ইরান-ইসরাইল সংকটের সময় ইরানি ড্রোন ভূপাতিত করতে ইউক্রেনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সক্রিয় ভূমিকা বিশ্ববাজারে তাদের অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।কূটনৈতিকভাবে সৌদি আরব শুরু থেকেই ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। তবে জেলেনস্কির ঘনঘন এই সফর ইঙ্গিত দিচ্ছে যে, রিয়াদ কেবল জ্বালানি বা কূটনীতি নয়, বরং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রেও ইউক্রেনের একটি শক্তিশালী অংশীদার হতে চলেছে। মূলত রুশ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের রণকৌশল ও অভিজ্ঞতাকে নিজেদের নিরাপত্তায় কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠছে সৌদি আরব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ