প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের সম্ভাবনা নাকচ করল ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির বর্তমান পাকিস্তান সফরকে একটি ‘সরকারি সফর’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, তেহরানের পর্যবেক্ষণ বা দাবিগুলো সরাসরি নয়, বরং পাকিস্তানের মাধ্যমেই ওয়াশিংটনকে জানানো হবে।গত শুক্রবার রাতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘায়েই বলেন, “যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান এবং অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।”উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ৪০ দিন পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষিত হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা সরাসরি সংলাপে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা, যেখানে মার্কিন দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে টানা ২১ ঘণ্টার সেই আলোচনা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফার আলোচনা নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা চলছে, ঠিক তখনই আরাগচির এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। যদিও ইরান সরাসরি আলোচনায় বসতে অনিচ্ছুক, তবে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগের মাধ্যমে চলমান সংকট নিরসনের একটি পথ তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ