প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
তীব্র লোডশেডিং থেকে মুক্তি কবে? সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
তীব্র গরমে সারা দেশে যখন লোডশেডিং চরমে, তখন বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, কারিগরি সমস্যার কারণে আদানি পাওয়ার ও বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে আগামী ২৬ এপ্রিল থেকে আদানির বিদ্যুৎ এবং ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার প্ল্যান্টের ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বন্ধ থাকা আরও কিছু ইউনিট চালু হলে সব মিলিয়ে প্রায় দুই হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিবিসি বাংলাকে বলেন, “আদানি ও বাঁশখালী পাওয়ার প্ল্যান্টের সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।” তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জ্বালানি সংকট নিরসন জরুরি।জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেনের মতে, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি সচল করে লোডশেডিং কমানো সম্ভব হলেও, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ক্রমবর্ধমান ভর্তুকির চাপ সামলানো বড় চ্যালেঞ্জ। বর্তমানে এই খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, যা তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোদমে চালালে ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ