প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
মার্কিন অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অসম্ভব: হেগসেথ
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ আরও জোরদার করার ঘোষণা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই অবরোধের পরিধি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন অত্যন্ত সীমিত ও নিয়ন্ত্রিত হয়ে পড়েছে।হেগসেথ ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেন, তেহরানের সামনে এখনো ওয়াশিংটনের সঙ্গে একটি ‘ভালো চুক্তিতে’ আসার সুযোগ রয়েছে। তবে এর জন্য ইরানকে অবশ্যই অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। তিনি স্পষ্ট করে জানান যে, ইরানের সাথে চুক্তি করতে যুক্তরাষ্ট্র মোটেও উদগ্রীব নয় এবং তাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড বর্তমানে ইরানের সব বন্দরের ওপর কঠোর নজরদারি ও অবরোধ বজায় রেখেছে। এখন পর্যন্ত ৩৪টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলেও এই তৎপরতা বাড়ানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, অ-ইরানি জাহাজগুলোকে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে এবং অনেক জাহাজ স্বাভাবিকভাবে চলাচলও করেছে। মূলত ইরানের বন্দর অভিমুখী বা ইরান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপরই এই তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে।হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের হুমকি প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, ইরানের কোনো দ্রুতগামী বোট যদি মাইন স্থাপন বা চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে সেটিকে যেন তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পানিতে মাইন স্থাপনের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করে কোনো দ্বিধা ছাড়াই সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে এই নৌ-অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ