প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
‘শিবির হত্যাযোগ্য প্রাণ’ ধারণা থেকে মুক্তির আহ্বান ডাকসু নেতা সর্বমিত্রের
ঢাকা নিউজ ডেস্ক ||
ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত রাজনীতি’ ছেড়ে সম্পূর্ণ প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকার পরেও কেন শিবির গোপনে রাজনীতি করছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।সর্বমিত্র চাকমা তার পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে সমাজ ও রাষ্ট্রে ‘শিবিরের কর্মী নিঃশর্তভাবে হত্যাযোগ্য প্রাণ’—এমন একটি ভয়ংকর ও বৈষম্যমূলক ধারণা প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। তিনি একে একটি ‘কিন্তু’ বা বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন। উদাহরণ হিসেবে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রদল সভাপতির বক্তব্যের কথা তুলে ধরেন, যেখানে প্রকাশ্যে শিবিরকর্মীদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে এমন বক্তব্য এলে নিন্দার ঝড় বইত, কিন্তু শিবিরের ক্ষেত্রে সমাজ ও মানবাধিকারকর্মীরা নীরব থাকেন।তিনি সমাজের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, বিষপানে কুকুরছানা মারা গেলেও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে, অথচ একজন ‘শিবিরের ছানা’ বা জলজ্যান্ত মানুষ মরলে তথাকথিত সিভিল সোসাইটি টু শব্দটি পর্যন্ত করে না। এমনকি শিবিরের নেতাকর্মীরাও হয়তো নিজেদের মানবাধিকারহীন ‘হত্যাযোগ্য প্রাণ’ হিসেবে মেনে নিয়েছেন, যার কারণে তারা এমন বক্তব্যের কোনো জোরালো প্রতিবাদ করেন না।পরিশেষে ডাকসু নেতা সর্বমিত্র চাকমা বলেন, তিনি মনে-প্রাণে চান শিবির প্রকাশ্যে রাজনীতিতে আসুক। তবে তার আগে সমাজ ও রাষ্ট্রকে তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের ‘হত্যাযোগ্য প্রাণ’ হিসেবে দেখার কলঙ্কজনক মানসিকতা থেকে মুক্তি দিতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ