প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
পারমাণবিক পথ ত্যাগের শর্তে ইরানের সামনে চুক্তির সুযোগ
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সামনে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘অর্থবহ চুক্তিতে’ পৌঁছানোর সুযোগ রয়েছে, তবে এজন্য তেহরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ বর্তমানে বিশ্বব্যাপী প্রভাব ফেলছে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে।শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন এই প্রসঙ্গে জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড বর্তমানে ইরানের সব বন্দরে কঠোর অবরোধ বজায় রেখেছে। শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ৩৪টি জাহাজকে ইরানের দিকে যাওয়া বা সেখান থেকে বের হওয়ার সময় গতিরোধ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে এসব জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।হেগসেথ আরও উল্লেখ করেন যে, ইরানের সঙ্গে চুক্তি করতে ওয়াশিংটন কোনো তাড়াহুড়ো করছে না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, তেহরানকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াতে হবে। তবে ইরান যদি হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টা করে, তবে তাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে তিনি হুশিয়ারি দেন।এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শিগগিরই শান্তি আলোচনা শুরু হতে পারে বলে পাকিস্তানের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর শুরু হওয়া এই নৌ-অবরোধ এবং ইরানের দ্রুতগামী নৌযানগুলোর আচরণ গুরুত্বপূর্ণ নৌপথটিতে ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ