প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের ডাক মির্জা ফখরুলের
ঢাকা নিউজ ডেস্ক ||
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতের অতীত ইতিহাস সবার জানা এবং দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় আগামীতে জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে কাজ করার আহ্বান জানান তিনি।মির্জা ফখরুল উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছে স্বীকৃত সেই নির্বাচনে বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। এমন একটি স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামায়াত আমিরের মন্তব্যকে তিনি সুস্থ চিন্তার পরিপন্থী এবং বিভেদ তৈরির অপচেষ্টা হিসেবে অভিহিত করেন।সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে ৫ আগস্ট পরবর্তী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা নিয়ে দেশবাসীকে ভাববার অনুরোধ জানান তিনি। জামায়াত আমিরের এই বক্তব্যকে অনভিপ্রেত উল্লেখ করে তা পুরোপুরি প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ