প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
রাউজানে প্রতিবাদী যুবককে গুলি করে হত্যা
ঢাকা নিউজ ডেস্ক ||
চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীখিল ডিএনও ব্রিক ফিল্ড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত বাবলু স্থানীয় ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নানার বাড়ির খামারে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন বাবলু। পথে ব্রিক ফিল্ডের পাশে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা আবুল কালাম সওদাগর দাবি করেছেন, বাবলু পেশায় দিনমজুর হলেও এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ছিলেন। এই প্রতিবাদী ভূমিকার কারণে স্থানীয় কিছু সন্ত্রাসী তাকে ইতিপূর্বে প্রাণনাশের হুমকি দিয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি ধারণা করছেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ