প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: রাশিয়ার হুঁশিয়ারি
ঢাকা নিউজ ডেস্ক ||
একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই ‘স্থায়ী শান্তি’ আসবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে এই ইস্যুটিকে সাময়িকভাবে চেপে রাখা গেলেও ভবিষ্যতে তা ‘টাইম বোমা’র মতো বিস্ফোরিত হবে।ল্যাভরভ অভিযোগ করেন, বর্তমানে অনেকেই জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত সিদ্ধান্তগুলো উপেক্ষা করে স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি মনে করেন, ন্যায্য সমাধানের অভাব পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তুলছে এবং আরব বিশ্ব এই সমস্যার চূড়ান্ত সমাধান চায়। সামরিক শক্তি প্রয়োগ করে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলেও এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় বরং ভবিষ্যতের জন্য বড় সংকট তৈরি করছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৬২ জনে দাঁড়িয়েছে। যদিও ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এরপরও ইসরায়েলি সহিংসতায় আরও ৭৮৬ জন প্রাণ হারিয়েছেন। ল্যাভরভ উল্লেখ করেন যে, ফিলিস্তিনিদের ওপর চলা এই অবিচার ও দমন-পীড়ন বন্ধ না হলে ভবিষ্যতে সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ