প্রিন্ট এর তারিখ : ২২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুমকি ইসরায়েলের
নিউজ ডেস্ক ||
ইরানের সরকারি ও সামরিক অবকাঠামোর ওপর চলমান হামলার মাত্রা চলতি সপ্তাহে আরও বহুগুণ বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (২১ মার্চ) সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই আক্রমণাত্মক ঘোষণা দেন। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এই অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পাশাপাশি মার্কিন সেনাবাহিনীও সরাসরি যুক্ত রয়েছে।প্রতিরক্ষামন্ত্রী কাৎজ স্পষ্ট করে বলেন, "ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এই অঞ্চলে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান থামবে না। বরং আগামী দিনগুলোতে হামলার তীব্রতা বর্তমানের চেয়ে অনেক বাড়বে।" তিনি আরও যোগ করেন যে, ইসরায়েলের অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা শক্তি অত্যন্ত সুসংগঠিত এবং যুদ্ধের নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।উল্লেখ্য, আজ ঈদের দিন ভোরেই তেহরানের আজাদি টাওয়ার এবং অলিম্পিক ভিলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এরমধ্যেই ইসরায়েলি মন্ত্রীর এই নতুন হুমকি পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের সংকেত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অবস্থান ইরানকে এক কঠিন সামরিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, যার প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী হতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ