প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
পর্যটন বিকাশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নানামুখী তৎপরতা
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। শনিবার রাজধানীর হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ইমার প্রোপার্টিজ’-এর সঙ্গে সরকারের আলোচনা চলছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাংলাদেশের পর্যটন সুবিধা উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এই খাত জিডিপিতে প্রায় ২ থেকে ৩ শতাংশ অবদান রাখছে, যা ভবিষ্যতে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই ম্যারাথনে ১ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাড়ে ৭ কিলোমিটার দৌড় এবং ২ কিলোমিটারের ফান রান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিমান টিকিট বিতরণ করেন।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, আগামী বছর কক্সবাজারের মেরিন ড্রাইভে এমন বৃহৎ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশের পর্যটনের অপ্রকাশিত সম্ভাবনাগুলো তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ