প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
মে দিবসের সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা
ঢাকা নিউজ ডেস্ক ||
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের বিশাল সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির কথা ঘোষণা করেন। আগামী ১ মে জুমার নামাজ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা ও নিন্দা জানান। তিনি বলেন, জামায়াত আমির ও তার দল সুষ্ঠুভাবে চিন্তা করতে পারেন না তা আবারও প্রমাণিত হয়েছে। দেশের সব পর্যবেক্ষক এবং বিশ্বের বিভিন্ন দেশ এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখানে জনগণের রায়ে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে।মহাসচিব আরও উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, একটি বিশেষ পক্ষ বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখার আহ্বান জানান তিনি।উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ