প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭শ’ লিটার ডিজেল জব্দ, আটক ১
মোঃ আরিফ হোসেন , নোয়াখালী জেলা প্রতিনিধি ||
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর ঘাটে লুকিয়ে রাখা ২৭শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাটে যৌথ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং হাতিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।এ সময় অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে আটক করা হয়।ওসি মো. কবির হোসেন জানান, জব্দ করা ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ