প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী
ঢাকা নিউজ ডেস্ক ||
নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি ওই গ্রামের মৃত শাহাব উদ্দিনের কনিষ্ঠ সন্তান। শনিবার দুপুরে কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাড়া করা হেলিকপ্টারটি অবতরণ করলে আশপাশের শত শত উৎসুক জনতা এই দৃশ্য দেখতে ভিড় জমান।পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী রাজিব মিয়া দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তার মা অনেক আগে থেকেই শখ পোষণ করেছিলেন যে, রাজিব যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। মায়ের সেই স্বপ্ন বাস্তবায়নে রাজিব শনিবার দুপুরে প্রতিবেশী উপজেলা মদনের নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামে কনে জুতি আক্তারের বাড়িতে বর সেজে হেলিকপ্টারে করে যাত্রা করেন।পারিবারিকভাবে আয়োজিত এই বিয়েতে হেলিকপ্টার ব্যবহারের কারণ হিসেবে রাজিব জানান, মায়ের মন রক্ষা করতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। রাজিবের বড় ভাই ঝুটনও পরিবারের এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে জানান যে, ছোট ভাইয়ের মাধ্যমে মায়ের ইচ্ছা পূরণ হওয়ায় পুরো পরিবার অত্যন্ত খুশি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ