প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থান
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। গত ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেও এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যে হামলায় তার বাবা, স্ত্রী ও সন্তান নিহত হয়েছিলেন, সেই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হন। তার একটি পায়ে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি কৃত্রিম পা স্থাপনের অপেক্ষায় আছেন। এছাড়া তার একটি হাত ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কথা বলতেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে।শারীরিক সীমাবদ্ধতা থাকলেও ইরানি কর্মকর্তাদের দাবি, মোজতবা খামেনি মানসিকভাবে পুরোপুরি সচেতন ও সক্রিয় রয়েছেন। বর্তমানে ইসরাইলি গোয়েন্দাদের নজরদারি এড়াতে তাকে অত্যন্ত গোপন আস্তানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ মাসুদ পেজেশকিয়ান স্বয়ং তার চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছেন।নিরাপত্তার খাতিরে মোজতবা খামেনি কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করছেন না এবং বর্তমানে দেশ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সেকেলে যোগাযোগ পদ্ধতি ব্যবহার করছেন। তার কাছে যেকোনো বার্তা হাতে লিখে সিলগালা করা খামে একাধিক স্তরের বিশ্বস্ত কুরিয়ারের মাধ্যমে পৌঁছানো হয়। একইভাবে তার সিদ্ধান্ত বা পরামর্শগুলোও লিখিত আকারে গোপন আস্তানা থেকে ফেরত আসে।মোজতবা খামেনির এই অসুস্থতা ও জনসমক্ষে অনুপস্থিতির কারণে ইরানের শাসনব্যবস্থায় আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলদের প্রভাব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত সামরিক নেতৃত্বের হাতেই ন্যস্ত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ