প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। আজ রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম এই প্রস্তাবটি উত্থাপন করেন। নবগঠিত এই কমিটির মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে চিফ হুইপ জানান, এই বিশেষ কমিটি বর্তমান জ্বালানি সংকট উত্তরণে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে একটি প্রতিবেদন জমা দেবে। সরকার ও বিরোধী দলের এমন যৌথ পদক্ষেপকে তিনি বিরল এক নজির হিসেবে অভিহিত করেন। এর আগে বাংলাদেশে কেবল রাষ্ট্রপতিশাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় রূপান্তরের সময় দুই পক্ষকে এভাবে একমত হতে দেখা গিয়েছিল।গত ২৩ এপ্রিল ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে সৃষ্ট অভ্যন্তরীণ জ্বালানি সমস্যা নিরসনে এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু। সরকারি দল থেকে আরও রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মইনুল ইসলাম শান্ত ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।কমিটিতে বিরোধী দলের পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন সংসদ সদস্য সাইফুল আলম মিলন, আবদুল বাতেন, মো. নূরুল ইসলাম, আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান। জাতীয় স্বার্থে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটি দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ