প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
ঢাকা নিউজ ডেস্ক ||
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গঠিত টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিবাদী ও রিটকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মনজিল মোরসেদ।শুনানিকালে অ্যাটর্নি জেনারেল তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে আরও সময় চান এবং উল্লেখ করেন যে, ১৩ বছরেও মামলার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক। অন্যদিকে, রিটকারী আইনজীবীরা রাষ্ট্রপক্ষকে ৬ মাসের পরিবর্তে ৩ মাস সময় দেওয়ার অনুরোধ করলেও আদালত শেষ পর্যন্ত ৬ মাস সময় মঞ্জুর করেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাঁর প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় বিচারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না।উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে পিবিআই প্রধানের নেতৃত্বে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। এর আগে গত বছর অক্টোবর এবং এপ্রিল মাসেও আদালত তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেও রাষ্ট্রপক্ষ তা সম্পন্ন করতে না পারায় পুনরায় সময়ের আবেদন জানায়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তদন্তাধীন এই মামলার ভবিষ্যৎ এখন নবগঠিত টাস্কফোর্সের প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ