প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঢাকা নিউজ ডেস্ক ||
বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর ঢুকে পড়াকে কেন্দ্র করে হযরত আলী (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, হরিণখোলা কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে মো. মুসা এই হামলা চালিয়েছে। রোববার দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে হরিণখোলা মাদ্রাসা মাঠে স্থানীয় কিশোররা ফুটবল খেলছিল। ওই সময় হযরত আলী তার গরু নিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন। হঠাৎ একটি বাছুর খেলার মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের ছেলে মুসা হযরত আলীকে ধরে মাদ্রাসার পুকুর ঘাটে আছাড় দেয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে।আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নেওয়া হলেও রাতে তার অবস্থার অবনতি ঘটে। রোববার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। নিহত হযরত আলী স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে বলে জানা গেছে।তালতলী থানার পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ