প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
এমপির গাড়ি ভাঙচুর: বহিষ্কৃত দুই ছাত্রদল নেতাসহ আরও ৩ জন গ্রেপ্তার
ঢাকা নিউজ ডেস্ক ||
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার দিবাগত রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব সাজু আহমেদ ও যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু এবং কৃষক দল নেতা আইয়ুব আলী রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজু ও পাপ্পুকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।গত শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে ফিলিং স্টেশনে মাগরিবের নামাজ পড়তে নামলে এমপি মাসুম মোস্তফার ওপর একদল যুবক হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে ধাওয়া করে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় এমপির ব্যক্তিগত সহকারী বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৬০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর প্রথম দফায় ৯ জনকে গ্রেপ্তার করা হলেও পরদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ নিয়ে দ্বিতীয় দফায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হলো। এদিকে মামলার প্রধান আসামি আবু তাহের তালুকদার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং এটি তার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা।এই ঘটনার প্রতিবাদে ও দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তেল নেওয়াকে কেন্দ্র করে এমপির সহকারীর সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা থেকে পরিস্থিতির অবনতি হয়েছিল এবং বিএনপি নেতারা বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছিলেন। তারা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ‘মিথ্যা মামলা’ হিসেবে অভিহিত করে এর প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ