প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদে রাশিয়ার জোরালো সমর্থন চায় ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান সংহত করতে পুরনো বন্ধু রাশিয়ার কাছে বিশেষ সামরিক ও রাজনৈতিক সহায়তা চেয়েছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বর্তমান মস্কো সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরান আশা করছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়া দ্রুত উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করবে।সামরিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রাশিয়াকে শক্তিশালী ঢাল হিসেবে পাশে চায় ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা ইরানের জন্য বড় একটি রক্ষাকবচ। সম্প্রতি বাহরাইন ও যুক্তরাষ্ট্রের আনা একটি ইরান বিরোধী প্রস্তাবে রাশিয়ার ভেটো দেওয়ার উদাহরণ টেনে ইজাদি জানান, ইরান চায় নিরাপত্তা পরিষদে তাদের বিরুদ্ধে নেওয়া যেকোনো পদক্ষেপে রাশিয়া যেন এভাবেই রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখে।ইরান ও রাশিয়ার এই সামরিক সখ্যতা কয়েক দশকের পুরনো। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান উন্নত সামরিক প্রযুক্তির প্রয়োজনে রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে ওঠে, যা দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করেছে। চলমান সংকটে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই পররাষ্ট্রমন্ত্রী আরাগচির মস্কো সফরের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সম্ভাব্য বৈঠকে এই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হুমকির মুখে রাশিয়া কতটা সক্রিয়ভাবে ইরানের পাশে দাঁড়াবে, এখন সেটিই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ