প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলে কুকুরের কামড়ে আহত ৫৪
ঢাকা নিউজ ডেস্ক ||
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার দুপুর থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় কুকুরটি এই তাণ্ডব চালায়। আহতদের মধ্যে নয়জন শিশু ও দশজন নারী রয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রাম থেকে কুকুরটি কামড়ানো শুরু করে। এরপর এটি আন্ধি গ্রাম হয়ে সখীপুর পৌর শহরের উত্তরা মোড় পর্যন্ত অন্তত ২০ জনকে জখম করে। রাতে কুকুরটি কাহারতা ও কচুয়া গ্রাম হয়ে সোমবার সকালে কালিয়া, ঘোনারচালা ও দামিয়া গ্রামে ঢুকে আরও বেশ কয়েকজন নারী ও শিশুকে কামড়ায়। কুকুরটির আক্রমণের শিকার হয়ে আহতরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন জানিয়েছেন, গত দুই দিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে আব্দুর রশিদ নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পাগলা কুকুরটির অবস্থান শনাক্ত করা এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকায় যাতায়াতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ