প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলার ধনু নদ এবং হাওরাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ধান ব্যবসায়ী, একজন কৃষক এবং একজন মাছ শিকারি রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মোতালিব (৫৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সকালে ধনু নদের জগন্নাথপুর ফেরিঘাটে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। ঝড়-বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, বেলা ১১টার দিকে সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খাঁ পালান (৫৩) বাড়ির সামনের হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে প্রাণ হারান।তৃতীয় ঘটনায় সিরাজগঞ্জ থেকে আসা ধান ব্যবসায়ী শুভ মন্ডল কৃষ্ণপুর এলাকায় হাওরে ধান কেনাবেচার কাজ করছিলেন। দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনিও ঘটনাস্থলে মারা যান। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম জানান, প্রাকৃতিক দুর্যোগে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নিয়মানুযায়ী প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। হঠাৎ করে শুরু হওয়া এই ঝড় ও বজ্রপাতের ঘটনায় হাওরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ