প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনায় অভিযুক্ত হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। লিমনের মরদেহ উদ্ধার হলেও বৃষ্টিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই হত্যাকাণ্ডের তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির অপব্যবহারসহ একাধিক ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।আদালতে জমা দেওয়া তথ্যানুযায়ী, গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। তদন্তে দেখা গেছে, ওই রাতে অভিযুক্ত হিশাম ডোরড্যাশের মাধ্যমে আবর্জনা রাখার ব্যাগ ও ক্লিনিং সামগ্রী অর্ডার করেছিলেন। এছাড়া তাকে গভীর রাতে সেতুর ওপর একাধিকবার যাতায়াত করতে দেখা যায়। পরবর্তীতে ২৩ এপ্রিল একটি ময়লার ভাগাড়ে তল্লাশি চালিয়ে রক্তমাখা পোশাক, বৃষ্টির ফোনের কভার এবং লিমনের চশমা ও মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো চ্যাটজিপিটির সঙ্গে অভিযুক্তের কথোপকথন। হিশাম এআই-এর কাছে জানতে চেয়েছিলেন, 'মানুষকে কালো ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দিলে কী হয়' এবং 'এটি কীভাবে ধরা পড়বে'। এছাড়া তিনি নির্দিষ্ট পার্কে পুলিশি তল্লাশি হয় কি না, সে বিষয়েও অনুসন্ধান চালিয়েছিলেন। এই প্রেক্ষাপটে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ওপেনএআই-এর বিরুদ্ধে চলমান তদন্তে এই মামলাটিকে অন্তর্ভুক্ত করেছেন।২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় এবং ২৬ এপ্রিল বৃষ্টির মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করছে শেরিফ অফিস। মঙ্গলবার (২৮ এপ্রিল) শুনানিতে ফ্লোরিডার আদালত অভিযুক্ত হিশামকে জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষী বা নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ না করার ব্যাপারেও তাকে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ