প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
পুঁজিবাদের আত্মঘাতী মডেলে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ ও ফ্যাসিবাদ
ঢাকা নিউজ ডেস্ক ||
জলবায়ু সংকট মোকাবিলায় কলম্বিয়ার সান্তা মার্তায় আয়োজিত ৫৭টি দেশের প্রতিনিধিদের এক সম্মেলনে বিশ্ব পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পুঁজিবাদের ‘আত্মঘাতী’ মডেল বিশ্বকে যুদ্ধ, ফ্যাসিবাদ এবং মানবজাতির বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সবুজ শক্তিতে রূপান্তর বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।পেশায় সাবেক অর্থনীতিবিদ ও কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট পেত্রো বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর ভিত্তি করে টিকে থাকা বর্তমান অর্থনীতি ও ক্ষমতা কাঠামো মানবজাতিসহ সব প্রাণসত্তাকে ধ্বংস করতে পারে। তিনি প্রশ্ন তোলেন, পুঁজিবাদ কি আদৌ জীবাশ্ম জ্বালানিবিহীন কোনো মডেলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম কি না। তার মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতির যে বর্বরতা দেখা যাচ্ছে, তা মূলত ফ্যাসিবাদেরই পূর্বাভাস।সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ত্যাগের বিষয়ে বিভিন্ন দেশ তাদের রূপরেখা তুলে ধরে। কলম্বিয়া তাদের খসড়া পরিকল্পনা প্রকাশের পাশাপাশি উন্নত দেশ হিসেবে ফ্রান্স তাদের জাতীয় রোডম্যাপ উন্মোচন করেছে। ফ্রান্স ২০২৭ সালের মধ্যে কয়লা, ২০৪৫ সালের মধ্যে তেল এবং ২০৫০ সালের মধ্যে গ্যাস পুরোপুরি বন্ধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ফরাসি জলবায়ু দূত বেনোয়া ফারাকো জানান, তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়িয়ে ইউরোপের পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহকারী দেশে পরিণত হতে চান।সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর ঋণ সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। ‘ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভ’-এর প্রতিষ্ঠাতা জেপোরা বারম্যান জানান, গ্লোবাল সাউথের অনেক দেশ কেবল ঋণের বোঝা শোধ করতেই জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়াতে বাধ্য হচ্ছে। গত পাঁচ বছরে আফ্রিকাতে ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।কলম্বিয়ার সাবেক পরিবেশমন্ত্রী সুসানা মুহম্মদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সম্মেলনে অনুন্নত দেশগুলোর ঋণ মওকুফের দাবি জানান। তাদের মতে, ঋণের সুদ দিতে হিমশিম খাওয়া দেশগুলোর পক্ষে জীবাশ্ম জ্বালানি রপ্তানি বন্ধ করে প্রয়োজনীয় পণ্য আমদানি করা অসম্ভব হয়ে পড়ছে। যদিও এই সম্মেলন থেকে বড় কোনো আর্থিক সহায়তার ঘোষণা আসার সম্ভাবনা কম, তবে জীবাশ্ম জ্বালানির বিপুল ভর্তুকি কীভাবে পরিবেশবান্ধব খাতে ব্যবহার করা যায়, তা নিয়ে নতুন অর্থনৈতিক সংস্কারের পথ দেখাচ্ছে এই আয়োজন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ